~ কীভাবে ইতিহাসে আপনার হিস্যা বুঝে নেবেন? ~
[ গত বছর এই দিনে লিখেছিলাম, মাস্টারমাইন্ডকামীদের নিয়া। এর অল্প আগে, আসিফের একটা বই বের হল। বইটা অবশ্যই, এখনো পড়ার, বা দেখার সুযোগ হয় নাই। আমি, ইতিহাস বিষয়ে কল্পনা তৈরী করার সমস্যার কথা বলতেছিলাম, এখানে। পড়তে পারেন। ]
মাস্টারমাইন্ড যদিও কিম্ভূত ব্যাপার, খেয়াল করেছি, আওয়ামীলীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই মনে করে, জুলাই অভ্যুত্থানের তারাই গোপন মাস্টারমাইন্ড। আর, তাদের কৃতিত্ব গুম করে দেওয়া হচ্ছে। এইটা রাজনৈতিক বাখোওয়াজি বা রেথরিক হলে সমস্যা নেই, কিন্তু, আমাদের গ্রামে সাম্প্রতিক এক ব্যক্তিগত অভিজ্ঞতায়, এক ইফতার মাহফিলে নাম না জানা এক জামাত নেতার বক্তৃতা শুনতে শুনতে মনে হল, তারা এইটা মনে প্রাণে বিশ্বাস করে শুধু নয়, তারা কর্ণেল তাহেরের ফাঁসি ও জিয়া ইস্যুতে কমিউনিস্টদের একাংশের মতই প্রতারিত ফিল করে। উনি যা কইলেন, বুঝলাম, উনার কাছে গণঅভ্যুত্থান বইলা ঘটনাটা হইল 'কৃতিত্ব হরণ' এর ঘটনা, এখানে সব কিছুই কেবল শিবিরের পরিকল্পনা, জনশক্তি ও জনৈক ম্যান অব দ্য ইয়ার সাদিকের হাত দিয়ে হয়েছে, কিন্তু ইতিহাসে ওদেরকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে 'ছবি ক্রপ কইরা'।
শুনতে শুনতে মনে হল, এই প্রতারণাবোধের প্রচার, রাজনৈতিক রেথরিক হিশেবেও যদি হয়, ক্ষতিকর। এর সমাধান কী? মনে হল, উনাদের এই প্রতারণাবোধের একটা সহজ সমাধান দরকার। না। আমি ইতিহাসের এইসব কিছুই এখানে মীমাংসা করতে বসি নাই। কিন্তু, যেহেতু সত্য প্রশ্ন, এবং উনারা অসত্যের আঘাতে জর্জরিত মনে করছেন, উনাদেরে কিছু পরামর্শ দেওযা জরুরি মনে করলাম।
এই বিষয়ে তাদের একটা ঐতিহাসিক অসুখের দিকে নজর দেওযা কর্তব্য মনে করি। আমার প্রস্তাব হল, ইতিহাস বিষয়ে কল্পনা তৈরী না করে নিজের স্মৃতিকথাটি লেখা। স্মৃতিকথা, মানে ঠিক কীভাবে, কোন কোন জাগায় জুলাই বিপ্লবটা কেবল আপনারই জমিদারির ঘটনা, তার 'সত্য' সাক্ষ্য লিখুন। যদি সেরকম কিছু জমিদারি থাইকা থাকে। স্মৃতিকথা, নট ফিকশন। গোপন তথ্যের ভারযুক্ত গল্প কাহিনী না, আপনার নিজের জার্নাল ও দিনলিপি। যা জানেন, তার গল্প নয়, যা নিজে করেছেন, তার বিবরণ। কারণ, যা 'জানেন', সেই জ্ঞান তো কল্পনাই, কল্পনার বাইরে স্রেফ নিজের ঘটনাটিই সত্য। এই জ্ঞানের ভারমুক্ত হযে লিখুন। কেন স্রেফ আসিফ বা আর কারো জুলাইয়ের স্মৃতিকথার সত্য মিথ্যার উপরে আপনারে নির্ভর কইরা থাকতে হবে? আপনার স্মৃতিকথা কই?
মনে রাখতে হবে, জুলাইয়ের স্মৃতিকথাই লিখেছেন আসিফ। ইতিহাস নয়। আসিফের স্মৃতিকথা মানে একই সাথে তিনি কী দেখতে চাইলেন, কী দেখতে চাইলেন না, তারও বিবরণ। তার রাজনীতিই। সাদিক কায়েমের যদি কোন স্মৃতিকথা থাকে, সাদিক তা লিখুক। ইতিহাসের কাছে এই দায় নিয়ে যেতে হয়। ইতিহাস কেবল গুপ্ত নির্দেশনার সমীকরণ নয়। ইতিহাসের দায় নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু, আমরা ইতিহাসে দেখেছি, জামাত সব সময় ইতিহাস বিষয়ে কল্পনা তৈরী করেছে, রিয়েলিটি না। আওয়ামীলীগের মতই। একাত্তর নিয়াও উনাদের এরকম কিছু অভিমান ও কল্পনা আছে, যা বহু বছর ধইরা অমীমাংস রয়ে গেছে, কেবল তারা অভিমানিই থাকতে চাইল বলে। উনিশ শ একাত্তরে তাদের অবস্থান ও এক্টিভিটি নিয়ে তাদের নিজস্ব কোন বিবরণ ও ডকুমেন্টেশন নেই। তাদের কোন ব্যক্তিগত জবানবন্দী নেই, স্মৃতিকথাও নেই। আওয়ামীলীগ যে কল্পনা তৈরী করেছে, তার পাল্টা কল্পনা হাজির করে মাত্র, সাক্ষ্য না। একইভাবে, চব্বিশেও, স্রেফ কল্পনাই হাজির করা হচ্ছে। সাক্ষ্য না।
জুলাই অভ্যুত্থানে জামাতের, বা আর আর রাজনৈতিক দলগুলোর মাস্টারমাইন্ডকামীদের সাক্ষ্য কই? এই সাক্ষ্য ও স্মৃতিকথা মানেই ইতিহাস, তা যে না, ইতিহাসের ছাত্র মানেই জানেন। ইতিহাস লেখা হবে এইসব স্মৃতিকথাগুলোর বাছবিচার করতে করতে।
No comments yet. Be the first!