unSocial

বটবৃত্তান্ত। বটবৃক্ষরা।

ফেইক হইল, নিজের রাজনৈতিক অবস্থান ও তৎপরতার দায় নিতে না পারা। কখনো এই সম্প্রদায় চেহারা দেখান না। কিন্তু, উনারা সিরিয়াস আলাপও করেন, কখনো কখনো। যেমন, ব্লগের জমানায় বিএনপি, জামাত ও বামদের কিছু বিখ্যাত ফেইক ছিল, আপনাদের মনে থাকিত পারে। আর কিছু 'নাস্তিক'ও ছিল, চমৎকার সব নাম। আর, বট হইল, কামলাখাটা শ্রমিকেরা, যারা চিন্তার দায় নেন না, মোটামুটি, মূর্খ একটিভিজম করেন। ব্লগ জমানায়, এরকম বটের সংখ্যাও ছিল প্রচুর। তাদের বড় অংশরেই, আমরা সিপি গ্যাং হিশেবে চিনতাম। বিখ্যাত ফেইকদেরও একটা অংশরে এই গ্যাং এর কামলা হিশেবে দেখা যেত কখনো কখনো। বা, কিছু রিয়েল লাইফ পারসনও, এই বটের ভূমিকা নিতেন। কিছুদিন একটা গ্রুপরে আমি ইসলামী সিপি গ্যাঙও কইছিলাম, আপনাদের মনে থাকিত পারে।

তো, মজার ব্যাপার হল, ইদানীং আমি ফেইক দেখি না তেমন। বট, মানে শ্রমিক, মানে, সিপি গ্যাঙ দেখি কেবল। চিন্তার ক্ষমতাহীন। সব দলের। ফেইকের সমস্যা হল, চিন্তার দায় না নেওয়া। আর, বটের সমস্যা হল, একটিভিজমের দায় না নেওয়া। ধরেন, কোন নারীর হেনস্থা করল, কাউরে খুনের হুমকি দিল, কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দিল। এই ক্রিমিনাল একটিভিটির বিরুদ্ধে, আপনার কোন একশন নেবারও সুযোগ নেই, যেহেতু পরিচয়হীন। এইটা, ভয়ংকর।

২.

বটসাহেবদের একটা সময়ে দেখতাম, প্রফাইল লাল। বা, '১ দফা' লেখা। কিন্তু আওয়ামীলীগ। বা সিপিবি বাসদের হয়ে কামলা খাটত ও আক্রমণ করত অন্যদের। এইটা গণ-অভ্যুত্থানের সময়ে ও এর পরপর। ক্যামাফ্লোজ হিশেবে এইটা তখন উনাদের দরকার ছিল, যেহেতু বাকি সবাই হাসিনাবিরোধী, আর উনারা গুপ্তচর, বা উসকানিদাতা হিশেবে থাকবেন।

তো, হাদির হত্যার পরে, এইটা পরিবর্তন হল। দেখা গেল, প্রফাইলে প্রচুর ওসমান হাদি, লাল টুকটুকে, কিন্তু, কনটেন্ট বিএনপির, অথবা আওয়ামীলীগের৷ এরকম প্রচুর প্রফাইল আইসা, আমার পোস্টে বট কমেন্ট, আর রোবটিক কথাবার্তা বলেন, আর আমি ব্লক করি। হযরত তারেক রহমান দেশে আইসা, যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন, তখন, আমার এই গ্রুপরে মনে পড়েছিল। এরকম, আর একটা শ্রেণীও, মাঝে মধ্যে দেখি। প্রফাইলে শেখ মুজিব, কিন্তু ভেতরে সাঈদী, গোলাম আজম, মুফতি আমির হামজা, ইত্যাদি। এরা যে জামাত শিবিরের বট, বোঝা যায়।

ইন্টারেস্টিং হল, আওয়ামীলীগের চেহারা লুকানো বট কম দেখা যায়৷ উনারা সাহসি বট। তবে, ক্লাসিক্যাল সিপিবি বাসদ এই দায়িত্ব চেহারা না লুকিয়েই পালন করেন, বেশির ভাগ সময়। আবার, কিছু বট দেখা যায়, এরা স্লেইভ অব গড। কিন্তু চেহারাহীন। প্রফাইলে কালো পতাকা আর ইসলামের কলেমা৷ ক্লু ক্লাক্স ক্লানের কথা মনে পড়ে। হলি আর্টিজানে হামলার আগে এবং পর থেকে এদেরে বেশি দেখা যায়। আরো মজার ব্যাপার হল, গত সরকারের উপদেষ্টা ছিল, বন্ধু, ছোট ভাই, এমন কারো কারো কামলার কাজের বটও খেয়াল করেছি। নির্দিষ্ট কিছু পোস্টে, কমেন্টের ধরন দেইখা বোঝা যেত। ইদানীং যত নতুন দল হইতেছে, প্রায় সবগুলো দলের বট খেয়াল করেছি। সম্ভবত, এই বটসাহেবদের উনারা কিনে রাখেন, আমাদের উপরে নজরদারির জন্য। এইসব বট ও গ্যাংদের ম্যানেজমেন্ট কেমন হয়, ধারণা করার চেষ্টা করেছি তখন। ফলে, যারা রক্ত মাংসের বট, তাদেরে আইসা কমেন্ট কইরা উনাদের ম্যানেজমেন্ট ও বাজেট সম্পর্কে ধারণা দিতে কইছিলাম। যাতে, আমিও, খাঁচায় কিছু শখের বট পুষতে পারি।

৩.

তো, সেদিন আরো ইন্টারেস্টিং কিছু দেখলাম।

প্রফাইলের ছবি নয়, ফেসবুকে আবির নামে একজনের পোস্টে বিএনপির হয়ে পেটানোর হুমকি সমেত একটা কমেন্ট দেইখা। আবির, পরিচিত, ফলে, সে বটসাহেবরে ভদ্রমত গালি দিয়ে উত্তর দিলেও, আমি বটবরের প্রফাইলটা ক্লিক করলাম। গিয়ে দেখি, সব জামাত শিবিরের কনটেন্ট। কিন্তু, আবিররে হুমকি দিল বিএনপির হয়ে। আরো অবাক কান্ড, তার প্রফাইল থিকা আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো। বিকিকিচ্ছিরি অবস্থা।

হাহা। তো, আমার অবস্থা তখন, চীনের বুজর্গ জুয়ানজির মত। স্বপ্নে দেখছি, আমি একটা প্রজাপতি হয়ে উড়ছি। অতপর ঘুম ভাঙল যখন, বিভ্রমে পইড়া গেলাম। আমি কি আদৌ মানুষ, যে এতক্ষণ স্বপ্নে প্রজাপতি হয়ে উড়ছে? নাকি, প্রজাপতিই, যে এখন নিজেরে মানুষ হিশেবে স্বপ্নে দেখছে।

৪.

গুড বট আর ব্যাড বট বইলা কিছু নেই। ইন্টারেস্টিংলি, আমার ফ্রেন্ডলিস্ট বা ফলোয়ার হিশেবে, বিএনপির বট বেশি। জামাত শিবিরের বটও কিছু আছে, তবে, সংখ্যায় কম। সম্ভবত তারা আমারে ফলো করা বেহুদা মনে করে। আওয়ামীলীগেরও আছে। রিয়েল লাইফ বট। প্রচুর।

এই বট ব্যাপারটা খারাপ হলেও, এদের একটা অংশ, দেখি, এক দশকেরও অধিক বছর ধইরা, আমার সাথে আছেন, ফ্রেন্ড বা ফলোয়ার হিশেবে। ফলে, এই ছোট অংশরে আনফ্রেন্ড, বা ব্লক করতে পারি না।

তবে, উনাদেরকে আমার পরামর্শ, উনারা নিজেদের এই বট অবস্থা অতিক্রম করবেন, একটা রিয়েল হিউম্যান পারসন হিশেবে নিজের রাজনীতি ও চিন্তার দায় নেবেন। 'গুপ্ত' থাকবেন না। এখন তো, আপনাদের প্রকাশ্য ক্ষমতার কাল। এই দুই তৃতীয়াংশ মেজরিটির সময়েও, যদি আপনাদেরকে, নিষিদ্ধ ঘোষিত পার্টিগুলোর মত গুপ্ত ও গেরিলা হিশেবেই হাজির হতে হয়, এইটা নাজুক ব্যাপার।

৫.

ফেইক বা হাহা, কোনটা নিয়েই সমস্যা নেই আমার।

আমি নিজেও 'ফেইক' দাবী করি কোন কোন সময়। কারণ, রিপ্রেজেন্টেশন তো কিছুটা ফেইক ব্যাপারও।

সমস্যা হল, বট নিয়ে। যাদের বট হওয়ার বাইরে কোন রিয়েল লাইফ একজিসটেন্স, চিন্তা বা একটিভিটি নেই। ফাহাম আবদুস সালাম শিবির করা ছেলেদের সোশাল মিডিয়ায় আটটা ফেইক একজিসটেন্স দেখেছেন, এইটাতে উনার কেন আপত্তি আমার জানা নেই, কিন্তু, আমি জুলাই পরবর্তি সময়ে ফেইক না, প্রচুর বটের মুখোমুখি হয়েছি, যারা বিএনপি করেন। বিএনপি করেন, এমন কিছু বিখ্যাত 'ফেইক' আছে, আমি তাদেরে সমস্যা মনে করি না। কিন্তু, বটরে সমস্যা মনে করি। ধরুন, একটা বটের কাজ হল, আপনি যে পোস্টই দেবেন, শুধু হাহা দেওয়া। আর একটা বটের কাজ হল, পোস্টের পরপর এসে আপনারে খাম্বা বলবে। বা, এনসিপির বুদ্ধিজীবী বলবে। বা 'জাশি' বলবে। বা আরো কিছু।

আরো মজার ব্যাপার খেয়াল করেছি, বিএনপিপন্থি কোন কোন বট স্পিলবার্গের সিনেমার ডেভিডের মত একটা রিয়েল লাইফ বটের আচরণ করে মাঝে মধ্যে, যেমন, ভক্ত পরিচয় দেয় কখনো কখনো, আমি বিভ্রান্ত হয়েছিলাম। পরে, বটের মত আচরণ দেখে উনার প্রফাইলে ঢুকলাম। দেখি কি, ছবি দূরের কথা, উনার কোন রিয়েল লাইফ একজিসটেন্স বা একটিভিটি নেই, বিএনপির বট হওয়া ছাড়া। কিন্তু, এইসব দেইখাও, যেহেতু একবার ভক্ত কইছিলেন, আমার তার প্রতি একটা স্নেহও রয়ে গেছে। স্নেহ সত্বেও, আমার মত হল, ফেইকদেরকে রেখে বটদেরকে ব্লক করা স্বাস্থ্যকর ঘটনা হবে। যেমন, একটা প্রফাইল থেকে পরপর কয়েকদিন পোস্টগুলোতে কেবল হাহা দেখার পরে, সন্দেহ হল। প্রফাইলে ঢুকলাম। নাম আনিকা তাবাস্সুম বা এরকম কিছু। সুন্দর নাম। কিন্তু পত্রপাঠ ব্লক করেছি।

সমস্যা হল, 'বিএনপির বুদ্ধিজীবী' দাবী করাদেরও একটা ছোট অংশরে আমার বটই মনে হয় ইদানীং। বড় বড় পত্রিকায় লেখেন, বা সম্পাদক, একদা পছন্দ করতাম। কিন্তু 'এখন সে যে কোন নারী। শুধুই মাংসপিণ্ড'। বট। হা হা। চিন্তা করতে সক্ষম নন। তো, এইটারে আমার বিএনপির রাজনীতির লিমিট মনে হয়। যা চিন্তা করতে সক্ষমদেরও স্রেফ বট বা দাস বানিয়ে তোলে। অথচ বিএনপি তো কোন আদর্শপন্থি দল নয়, যে, কেবল কুয়ার আকারের ভেতরেই বইসা থাকা লাগবে। বিএনপি কি তার এই লিমিট, বট অবস্থা থেকে উত্তরণ ঘটাবে নিজেদের? আমার মতে, দরকার। বিএনপির একটা ভাইব্রেন্ট বুদ্ধিজীবী গোষ্ঠি দরকার, যারা চাঁছাছোলাভাবে বিএনপির ক্রিটিক করতে ডরাবে না। এই সম্ভাবনা কি আছে?

ছবি: হাল্কের মায়ের বটগাছ। ডাইনির অভিশাপ। ফ্রম গুগল। জাস্ট বটবৃক্ষ দিযা সার্চ দিলাম। উনারা এলেন।

বটবৃত্তান্ত। বটবৃক্ষরা।

ফেইক হইল, নিজের রাজনৈতিক অবস্থান ও তৎপরতার দায় নিতে না পারা। কখনো এই সম্প্রদায় চেহারা দেখান না। কিন্…
April 25, 2026
33 readers till now, 0 new visits today.

No comments yet. Be the first!